[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

ইরাককে গোলবন্যায় ভাসালো সাদিও মানের সেনেগাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০৭:০৬ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিলো সেনেগাল। এই দাপুটে জয়ে ‘আই’ গ্রুপের তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করার খুব কাছে পৌঁছে গেল আফ্রিকার জায়ান্টরা। আর আগেই বিদায় নিশ্চিত করা ইরাক টানা তিন ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই আসর থেকে বিদায় নিলো।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সেনেগালের আক্রমণভাগের কাছে অসহায় ছিল ইরাকের রক্ষণভাগ। ম্যাচের শুরু থেকেই ইরাকের রক্ষণের ওপর প্রবল চাপ প্রয়োগ করে তারা। এর ফল মেলে মাত্র ৪ মিনিটের মাথায়। ডি-বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন সেন্টারব্যাক আবদুলায়ে সেক।

সেই গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বড় বিপদ ডেকে আনে ইরাক। ম্যাচের ১৩তম মিনিটে সেনেগালের অধিনায়ক সাদিও মানে বল নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন ইরাকের সেন্টার-ব্যাক রেবিন সুলাকা। নিশ্চিত গোল বঞ্চিত করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে সুলাকাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

১০ জনের দলে পরিনত হওয়া ইরাকের জালে অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি, সেনেগাল কিছুটা ছন্দ খুঁজে পেতে ধুঁকছিল। তবে দ্বিতীয়ার্ধে আসল রূপে ফেরে আফ্রিকান কাপ অব নেশনসের রানার্সআপরা। একের পর এক আক্রমণে ১০ জনের দলে পরিণত হওয়া ইরাকের রক্ষণভাগকে ভেঙে আরও ৪টি গোল আদায় করে আফ্রিকান লায়নরা।

৫৬ মিনিটে নিজেদের অর্ধে ইরাকের জিদান ইকবালের মারাত্মক ভুলের সুযোগ নেন লামিন কামারা। তার পাস থেকে ফাঁকা পোস্টে বল ঠেলে ব্যবধান ২-০ করেন ইসমাইলা সার। এর মাত্র ৩ মিনিট পর, অর্থাৎ ৫৯ মিনিটে ইরাকের রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ কাজে লাগান পাপে গেয়ে। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক শটে জালের ওপরের কোণে বল পাঠান এই মিডফিল্ডার (৩-০)।

৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে। বক্সে জটলার ভেতর আলগা বল পেয়ে জোরালো শটে ইরাকি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

ম্যাচের ৮২ মিনিটে ইরাকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইলিমান এনদিয়ায়ে। বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে কোনো বাধা ছাড়াই জোরালো এক শটে বল জালের কোণায় পাঠান তিনি। ৫-০ ব্যবধানের এই গোলের সঙ্গেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে এক ম্যাচে ৫ গোল করার মহাকীর্তি গড়ে সেনেগাল।

টানা দুই হারের পর পাওয়া এই জয়ে, ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় হয়েছে তারা। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে আফ্রিকার দলটির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর