বাবার প্রতারণায় দেউলিয়া রাফিনিয়া? যা জানা গেল
বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের পেশাদার ক্যারিয়ারে উপার্জিত অর্থের বড় একটি অংশ নিজের বাবার সুনিপুণ প্রতারণার কারণে হারিয়েছেন এই ফুটবলার। এমনকি, এর ফলে তিনি দেউলিয়া হওয়ার পথে বলেও দাবি করা হচ্ছে।
ব্রাজিলের বিনোদন সাংবাদিক লিও ডায়াসের একটি প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি রাফিনিয়া ও তার স্ত্রী যখন একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, তখন ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তারা দেখতে পান সেখানে প্রত্যাশিত অর্থ নেই। অভিযোগ ওঠে, রাফিনিয়ার বাবা গোপনে তার ইমেজ রাইটসের ৮০ শতাংশ নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং দীর্ঘ সময় ধরে আয়ের বড় অংশ সরিয়ে নিয়েছেন।
এই বিষয়টি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়লেও, এখন পর্যন্ত এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। বিশ্বের নামী গণমাধ্যম যেমন ইএসপিএন বা বিবিসি স্পোর্টসের মতো কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। এছাড়া রাফিনিয়া নিজে বা তার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগ তোলেননি।
সবচেয়ে স্পষ্ট জবাব দিয়েছেন রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেলোলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি এই খবরকে ‘হাস্যকর’ ও ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, তাদের পরিবার কোনো আর্থিক সংকটে নেই।
নাতালিয়া বলেন, 'নিজের ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে এভাবে কথা বলতে হওয়াটা সত্যিই অদ্ভুত। সত্যি বলতে, রাফিনহা যা আয় করে তার মাত্র ১০ শতাংশ পেলেও আমরা অনেক সুখে থাকতাম।' তার এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, রাফিনিয়ার পরিবার আর্থিক কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না। এছাড়া রাফিনিয়ার পরিবারের সদস্যরাও এসব রটনাকে মিথ্যা বলে দাবি করেছেন।
তবে রাফিনিয়ার ক্যারিয়ারের ব্যবসায়িক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে তার শ্বশুর বর্তমানে তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে বেশি যুক্ত হয়েছেন, যা থেকে পারিবারিক আলোচনার বিষয়টি আঁচ করা যায়। তবে এটি কোনোভাবেই রাফিনহার আর্থিক ধ্বংস বা দেউলিয়া হওয়ার ইঙ্গিত দেয় না।
সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে, রাফিনিয়ার দেউলিয়া হওয়ার দাবিটি মূলত ভিত্তিহীন গসিপ বা গুজব। ফুটবল অঙ্গনের পরিচিত মুখ ভাম্পেতাও পডকাস্টে আলোচনার সময় স্বীকার করেছেন যে, এটি প্রমাণিত কোনো তথ্য নয়, বরং মানুষের মুখে শোনা গল্পের মতো। নির্ভরযোগ্য সূত্র বা পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ ধরনের খবরকে কেবল একটি ‘অসত্য প্রচার’ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: