সৌদিকে রুখে দিয়ে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
প্রথম বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে ফেলল কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ দলের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হওয়া কেপ ভার্দের সামনে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল না হলেও উত্তেজনা, লড়াই আর হিসাব-নিকাশের নাটকীয়তায় কোনো ঘাটতি ছিল না। ম্যাচের আগে কেপ ভার্দের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ, আর সৌদি আরবের জন্য এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ লড়াই। শেষ পর্যন্ত নিজেদের সংগঠিত রক্ষণভাগ আর শৃঙ্খলিত ফুটবলের জোরে কাঙ্ক্ষিত ফল তুলে নেয় কেপ ভার্দে।
মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে বিশ্বকাপে কখনো খেলেনি। কিন্তু প্রথম অংশগ্রহণেই তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনে আলোচনায় আসে কেপ ভার্দে। শেষ ম্যাচেও হার এড়িয়ে তারা নকআউট নিশ্চিত করল।
ম্যাচের শুরু থেকেই দু’দলই সতর্ক ছিল। দ্বিতীয় মিনিটে কেপ ভার্দের অভিজ্ঞ ফরোয়ার্ড রায়ান মেন্দেস প্রতিপক্ষের চ্যালেঞ্জে কিছুটা অস্বস্তিতে পড়লেও খেলা চালিয়ে যান। দুই মিনিট পরই ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সৌদি ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ, পাউলোর ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে।
প্রথম দিকে বলের নিয়ন্ত্রণ বেশি ছিল কেপ ভার্দের কাছে। তবে সৌদি রক্ষণকে বড় কোনো সমস্যায় ফেলতে পারেনি তারা। ধীরে ধীরে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় সৌদি আরব। ১৮ মিনিটে আবদুলহামিদের ক্রস থেকে অধিনায়ক সালেম আল-দাওসারি সুযোগ পেলেও ওয়াগনার পিনার দৃঢ় ব্লকে বিপদ কেটে যায়।
২২ মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করে কেপ ভার্দে। ডান দিক দিয়ে আক্রমণ গড়ে উইলি সেমেদো বক্সে ঢুকে শট নিলেও সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।
প্রচণ্ড গরমের কারণে ২৪ মিনিটে খেলা কিছু সময়ের জন্য থামিয়ে হাইড্রেশন ব্রেক দেওয়া হয়। বিরতির পর আবারও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে দুই দল। তবে সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো দলই তা কাজে লাগাতে পারেনি।
৩২ মিনিটে বড় ধাক্কা খায় সৌদি আরব। ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে নামেন আলি লাজামি।
প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে আরও সক্রিয় হয়ে ওঠে কেপ ভার্দে। ডাইলন লিভ্রামেন্তো, জামিরো মন্তেইরো, মেন্দেস ও সেমেদোর সমন্বিত আক্রমণে কয়েকবার চাপের মুখে পড়ে সৌদি রক্ষণ। তবে গোলের দেখা মেলেনি।
এরই মধ্যে অন্য ম্যাচে স্পেন উরুগুয়ের বিপক্ষে এগিয়ে যাওয়ার খবর পৌঁছে যায় স্টেডিয়ামে। সেই ফল কেপ ভার্দেকে সাময়িকভাবে গ্রুপের দ্বিতীয় স্থানে তুলে আনে। ফলে ম্যাচের বাকি সময়টায় তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় অন্তত ড্র ধরে রাখা।
প্রথমার্ধের যোগ করা সময়ে সৌদি আরব সবচেয়ে বড় সুযোগটি পায়। সুলতান মান্দাশের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ কান্নো হেড নিলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা সহজেই বলটি ধরে ফেলেন। এরপর সালেম আল-দাওসারিও ব্যক্তিগত দক্ষতায় রক্ষণ ভাঙার চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেননি।
দ্বিতীয়ার্ধে সৌদি আরব গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও কেপ ভার্দের রক্ষণভাগ ছিল অনড়। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। সেই ফলেই তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে কেপ ভার্দে।
একই সময়ে গুয়াদালাহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যালেক্স বায়েনা। এই জয়ে স্পেন গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করলেও উরুগুয়ের জন্য এটি ছিল হতাশার রাত। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
গ্রুপ রানার্সআপ হওয়ায় কেপ ভার্দের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। শেষ ৩২ দলের নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।
কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট। কিন্তু স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়া কেপ ভার্দে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। প্রথম বিশ্বকাপেই রূপকথার গল্প লেখা দলটি এবার তাকিয়ে আছে আরও বড় এক চমকের দিকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: