[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ২২:০৬ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বত্রিশে জাপানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জিততে হলে এরপর আরও কঠিন পথ পাড়ি দিতে হবে সেলেসাওদের।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ

শেষ ষোলো: নরওয়ে
জাপানকে হারাতে পারলে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে। আরলিং হালান্ডকে সামনে রেখে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে নরওয়ে। বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের গ্রুপ পর্বে, যেখানে ২-১ গোলে জিতেছিল নরওয়ে।

তবে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের রেকর্ড ঈর্ষণীয়। এই পর্বে খেলা ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে সেলেসাও। টানা সর্বশেষ আটটি শেষ ষোলোর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

কোয়ার্টার ফাইনাল: অপেক্ষায় ইংল্যান্ড
শেষ আটে উঠতে পারলে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় পরীক্ষার নাম হতে পারে ইংল্যান্ড। অপটা সুপার কম্পিউটারের হিসেবে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। তবে ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলে। দুই দলের সর্বশেষ ১২ দেখায় মাত্র একবার হেরেছে ব্রাজিল; জিতেছে পাঁচটি ম্যাচ এবং ড্র করেছে ছয়টি।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে কখনো হারেনি ব্রাজিল। এর মধ্যে টানা শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। সর্বশেষ ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোনালদিনিয়োর অবিস্মরণীয় ফ্রি-কিকে ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল সেলেসাও।

সেমিফাইনাল: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা?
কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি হবে মাত্র দ্বিতীয় সম্ভাব্য সাক্ষাৎ। এর আগে ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

অন্যদিকে, ব্রাজিলও বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহ্যবাহী এক দল। সর্বশেষ সাতটি সেমিফাইনালের মধ্যে ছয়টিতে জয় পেয়ে ফাইনালে উঠেছে তারা। ২০১৪ সালের জার্মানির বিপক্ষে ৭-১ গোলের তিক্ত স্মৃতি ভুলে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে সেলেসাও সমর্থকেরা।

ফাইনাল: স্পেনের সঙ্গে মহারণের সম্ভাবনা
ফাইনালে উঠতে পারলে ব্রাজিলের সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপটা সুপার কম্পিউটারের হিসেবে স্পেন টুর্নামেন্টের সবচেয়ে বড় শিরোপাপ্রত্যাশী। তবে বিশ্বকাপে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয় তাদের।

ইতিহাস অবশ্য এখানেও ব্রাজিলের পক্ষেই। দুই দলের ১০টি ম্যাচে ব্রাজিল জিতেছে পাঁচটি, স্পেনের জয় দুটি। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শেষ চার দেখায় অপরাজিত সেলেসাও; তিনটি জয় ও একটি ড্র।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর