বিশ্বকাপে অনন্য মাইলফলক, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামলেই যেন গড়ে নতুন নতুন রেকর্ড। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের পাশাপাশি সর্বাধিক গোলও করেছে সেলেসাওরা। এবার ব্রাজিলিয়ানরা স্পর্শ করলো এমন এক মাইলফলক, যা আগে স্পর্শ করতে পারেনি অন্য কোনো দল। বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে ৫০ ম্যাচে গোল হজম না করার (ক্লিনশিট) রেকর্ড গড়ল ব্রাজিল।
গত ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমেই বিশ্বকাপে প্রথম দল হিসেবে ম্যাচের সংখ্যায় গোল না খাওয়ার ‘হাফ সেঞ্চুরি’ করে ব্রাজিল। ক্লিনশিটের এই তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, যাদের গোলহীন ম্যাচের সংখ্যা ৪১টি। ৩৭টি ক্লিনশিট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। তালিকায় চারে থাকা ইতালির গোলহীন ম্যাচের সংখ্যা ৩২টি।
ব্রাজিলের এই সাফল্যের পেছনে গোলকিপারদের অবদান অনস্বীকার্য। এর আগে ১৯৭০ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল ৮টি করে ম্যাচে জাল সুরক্ষিত রেখেছিলেন। বর্তমান গোলকিপার আলিসন বেকার এখন পর্যন্ত ৭টি ম্যাচে কোনো গোল হজম করেননি।
আগামী সোমবার (২৯ জুন) রাতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে আলিসন যদি গোল না খান, তবে তিনি লিয়াও এবং তাফারেলের সেই অনন্য রেকর্ড স্পর্শ করবেন।
বিশ্বকাপে ব্রাজিলের সামগ্রিক পরিসংখ্যান
ম্যাচ : ১১৭
জয় : ৭৮
ড্র : ২০
হার : ১৯
মোট গোল : ২৪৪
মোট ক্লিনশিট : ৫০
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট
ব্রাজিল : ৫০ ম্যাচ
জার্মানি : ৪১ ম্যাচ
ইংল্যান্ড : ৩৭ ম্যাচ
ইতালি : ৩২ ম্যাচ
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: