মেসিকে ছাড়া জর্ডানের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার শুরুর একাদশ?
চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ জর্ডান। ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করায় জর্ডানের বিপক্ষে সম্পূর্ণ বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসি। নকআউটের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়ে আজকের ম্যাচে তিনি আক্রমণভাগে জুটি বাঁধছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে। এই দুই তারকার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।
আক্রমণে পরিবর্তন করলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ওপরই আস্থা রাখছেন কোচ। ডান হাতের অনামিকায় চোট কাটিয়ে ফিরে তাকে ম্যাচের ছন্দে রাখতেই আজ পোস্টের নিচে রাখা হচ্ছে। চোট কাটিয়ে আজই প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। রক্ষণে ওটামেন্ডির সাথে জুটি বাঁধবেন মার্কোস সেনেসি।
মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস এবং জিওভানি লো চেলসো। সেই সাথে তরুণ প্রতিভাবান নিকো পাজের একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে। বেঞ্চের গভীরতা যাচাই করে নক-আউটের রণকৌশল চূড়ান্ত করতে নতুনদের সুযোগ এবং পরীক্ষিতদের বিশ্রাম—সব মিলিয়ে আজকের ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য এক নতুন পরীক্ষার মঞ্চ।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল অথবা জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: