[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

গোলরক্ষক কেন সামনে এলেন? ভিএআরে যেভাবে বাতিল হলো ইরানের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৭:০৬ এএম

ফুটবলের নিয়ম কতটা সূক্ষ্ম আর নিষ্ঠুর হতে পারে, তা আরও একবার দেখা গেল চলমান বিশ্বকাপে জি গ্রুপের ইরান-মিশর ম্যাচে। অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে ইরান যখন ২-১ ব্যবধানে জয়ের আনন্দে আত্মহারা, তখনই ভিএআর এসে সেই আনন্দে জল ঢেলে দিল। অফসাইডের কারণে বাতিল হয়ে গেল খলিলজাদেহর গোলটি। আর তাতেই ইরানের নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখন সুতোয় ঝুলছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচের একদম শেষ সময়ে গোল করে ইরানের ফুটবলাররা তখন মাঠেই উদযাপনে মত্ত। গোলদাতা খলিলজাদেহ জার্সি খুলে দৌড়াচ্ছেন—এমন এক দৃশ্য যা জয়ী দলের চিত্রনাট্যই পাল্টে দেয়। রেফারির গোলের বাঁশি বাজার পর যখন সবাই ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা করছিল, তখনই ভিএআরের হস্তক্ষেপে বদলে গেল সব। অফসাইডের সংকেত দিলেন রেফারি। কিন্তু কেন? খলিলজাদেহর পেছনে তো মিশরের একজন ডিফেন্ডার ছিলেন!

সাধারণত দর্শকের চোখে অফসাইড মানেই হলো শেষ ডিফেন্ডারের চেয়ে এগিয়ে থাকা। কিন্তু ফুটবলের আন্তর্জাতিক আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি'র নিয়ম অনুযায়ী, অফসাইড নির্ধারণে কেবল শেষ ডিফেন্ডার নয়, বরং গোলরক্ষকসহ অন্তত দুজন প্রতিপক্ষ খেলোয়াড়ের অবস্থান বিবেচনায় নেওয়া হয়।

এই ম্যাচের দৃশ্যপট অবশ্য ছিল ভিন্ন। মিশরের গোলরক্ষক তখন গোলপোস্ট ছেড়ে অনেকটা সামনে বেরিয়ে এসেছিলেন। ফলে গোলরক্ষক আর ‘শেষ লাইন’ হিসেবে কাজ করছিলেন না। সেই মুহূর্তে মিশরের শেষ দুজন রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন ইয়াসির ইব্রাহিম ও হামজা আবদেলকরিম।

নিয়ম অনুযায়ী, খলিলজাদেহ যখন শট নেন, তখন তাকে অন্তত এই দুজন ডিফেন্ডারের লাইনে থাকতে হতো। কিন্তু ভিএআরের রিপ্লেতে দেখা যায়, তিনি ইয়াসির ও আবদেলকরিমের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন। আর গোলরক্ষক সামনে থাকায় সেই দুজন ডিফেন্ডারই হয়ে যান ‘শেষ লাইন’। ফলে প্রযুক্তিগতভাবে গোলটি অফসাইড হিসেবে বিবেচিত হয়।

এই গোলটি বহাল থাকলে ইরান বেলজিয়ামের পর গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে সরাসরি শেষ ৩২-এ পৌঁছে যেত। কিন্তু গোল বাতিল হওয়ায় ম্যাচটি ড্র হয়ে যায়। ফলে নকআউট পর্বে যাওয়ার জন্য এখন তাদের বাকি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে, এই সিদ্ধান্তের সুবাদে মিশর গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট পেয়েছে।

ইরান সমর্থকদের কাছে এই বাতিল হওয়া গোলটি রূপকথার সমাপ্তি না হয়ে যেন এক দুঃস্বপ্নে পরিণত হলো। মাঠের ফুটবলে ইরান লড়াই জিতলেও, ভিএআরের কাছে হেরে তারা এখন অনিশ্চয়তার গোলকধাঁধায়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর