ঘানার পরাজয়ে স্কটল্যান্ডের বিদায়, চাকরি ছাড়লেন স্টিভ
ক্রোয়েশিয়া ও ঘানার ম্যাচের উপর নির্ভর করছিল স্কটল্যান্ডের বিশ্বকাপের সফর। ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারানোয় স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্কটল্যান্ডের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দেন স্টিভ ক্লার্ক।
শনিবার স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) এক বিবৃতিতে ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বিশ্বকাপে স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছিল। এরপর তারা মরক্কোর কাছে ১-০ গোলে এবং ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
সমর্থকদের উদ্দেশে লেখা এক আবেগঘন বিদায়ী বার্তায় ক্লার্ক বলেন, ‘এই বিদায়ের সবচেয়ে আবেগঘন দিক হলো আমার খেলোয়াড়দের ছেড়ে যাওয়া। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছি। তাদের ছাড়া এই মুহূর্তগুলো জমা হতো না।’
তিনি আরও বলেন, ‘তারা যে ভালোবাসা ও প্রশংসা পাচ্ছে, তার সবটুকুই তাদের প্রাপ্য। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সত্যিই গর্বের ছিল।’ বিদায়ের শেষে ক্লার্ক লেখেন, ‘আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আমার উত্তরসূরির জন্য রইল শুভকামনা।’
ক্লার্ক সাত বছর আগে স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর দীর্ঘ ২২ বছর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে না পারা দলটিকে তিনি আবারও বড় মঞ্চে ফিরিয়ে আনেন। ক্লার্কের অধীনে স্কটল্যান্ড টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেয়। এরপর তারা চলতি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করে। তবে বাছাইপর্বে সাফল্য পেলেও মূল আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্কটিশরা।
এই তিনটি বড় টুর্নামেন্টে স্কটল্যান্ডের একমাত্র জয় ছিল এবারের বিশ্বকাপে হাইতির বিপক্ষে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে শেষ ষোলোতে ওঠার ভালো সম্ভাবনা ছিল স্কটল্যান্ডের। কিন্তু সব আশা শেষ হয়ে যায় পরাজয়ে।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেছেন, ‘গ্রুপপর্ব থেকেই বিশ্বকাপ শেষ হওয়ায় আমরা সবাই হতাশ। তবে স্টিভের সাত বছরের দায়িত্বকালে স্কটল্যান্ড যে অসাধারণ অগ্রগতি করেছে, তা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। ২০১৯ সালে চতুর্থ পটের দল হিসেবে যাত্রা শুরু করে আমরা বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি।’
‘স্কটল্যান্ডকে আবার বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরিয়ে আনার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তিনি তা সফলভাবেই পালন করেছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কেটে গেলে সমর্থকেরা অবশ্যই বড় আসরগুলোতে স্কটল্যান্ডকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করার স্মৃতিগুলো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: