চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে ছিটকে গেলেন কুবো
চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান জায়ান্ট জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১ টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। তবে ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না জাপানের আক্রমণভাগের অন্যতম ভরসা ও তরুণ মিডফিল্ডার তাকেফুসা কুবো।
ম্যাচের আগের দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জাপান জাতীয় দলের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তিনি বলেন, 'তাকেফুসা কুবো আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতি অবশ্যই আমাদের জন্য বড় একটি ধাক্কা। তবে দলের অন্য খেলোয়াড়রা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত এবং আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি।'
তবে কুবোর চোটের ধরন বা তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মরিয়াসু। ধারণা করা হচ্ছে, অনুশীলনের সময় পাওয়া হালকা চোই তাকে এই বড় ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচে কুবোর অনুপস্থিতি জাপান কোচকে তাদের খেলার কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে জাপান। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ও সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পাশাপাশি তিউনিসিয়াকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। ব্রাজিলের বিপক্ষে নিজেদের রক্ষণভাগ ও মাঝমাঠের ভারসাম্যের ওপর বেশি জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। কুবোর জায়গায় নতুন কাকে একাদশে দেখা যেতে পারে, তা নিয়েই এখন চলছে জল্পনা।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকে না পাওয়া জাপানের জন্য নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, তার অভাব পূরণে জাপানিজ মিডফিল্ডাররা কতটা জ্বলে উঠতে পারেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: