[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেইমার খেলবেন কি না জানালেন আনচেলত্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০৯:০৬ এএম

ব্রাজিলের জন্য আজ গুরুত্বপূর্ণ পরীক্ষা। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই তারকাকে জাপানের বিপক্ষে শুরু থেকেই দেখা যাবে কি না এমন প্রশ্নের মুখোমুখি হন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তির বক্তব্যে পরিষ্কার হয়েছে, নেইমারের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হলেও তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা এখনো খুব বেশি নয়। তবে আগের ম্যাচের তুলনায় এবার তার খেলার সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেছিলেন তিনি। সেই ম্যাচের পর এক সপ্তাহে তার ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, নেইমার নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করছে এবং গত কয়েক দিনে তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। যদিও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। তবু এখন ১৫ মিনিটের বেশি সময় মাঠে থাকার মতো প্রস্তুত আছেন। তবে তিনি ঠিক কতক্ষণ খেলবেন, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানান আনচেলত্তি।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাথিয়াস কুনহাকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও মনে করেন ব্রাজিল কোচ। তার মতে, খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তনের কারণে প্রতিপক্ষ সহজে পরিকল্পনা বুঝতে পারেনি। বিশেষ করে ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা ও কুনহা গত দুই ম্যাচে এই কৌশল সফলভাবে বাস্তবায়ন করেছেন।

ব্রাজিলের সামনে সমীকরণও পরিষ্কার। জাপানকে হারাতে পারলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হবে সেলেসাওদের। এরপর আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট। এখন দেখার বিষয়, নকআউট পর্বের লড়াইয়ে ব্রাজিলের আক্রমণে নেইমার কতটা সময় এবং কতটা প্রভাব রাখতে পারেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর