[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

টাইব্রেকারে গড়ালে কী হবে, পেনাল্টি শুটার বাছাইয়ে আনচেলত্তির দর্শন কী বলছে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০০:০৬ এএম

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মাঠে নাটাইব্রেকারে গড়ালে কী হবে, পেনাল্টি শুটার বাছাইয়ে আনচেলত্তির দর্শন কী বলছে?

নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয়ের লক্ষ্য থাকলেও সম্ভাব্য টাইব্রেকারের প্রস্তুতিও নিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কারণ সাম্প্রতিক দুটি বড় টুর্নামেন্টে টাইব্রেকারেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে এবং ২০২৪ কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে।

এই দুই বিদায়ের পর ব্রাজিলের কোচদের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সাবেক কোচ তিতে পরে স্বীকার করেছিলেন, কাতার বিশ্বকাপে প্রথম পেনাল্টি নিতে নেইমারকে না পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত। ব্রাজিল নির্ধারিত পাঁচটি শট নেওয়ার আগেই হেরে যাওয়ায় নেইমার পেনাল্টিই নিতে পারেননি। অন্যদিকে দরিভাল জুনিয়র সমালোচিত হন পেনাল্টির আগে খেলোয়াড়দের আলোচনায় উপস্থিত না থাকার কারণে।

বর্তমান কোচ আনচেলত্তির মতে, পেনাল্টি শুটআউটে শুধু কারিগরি দক্ষতা নয়, খেলোয়াড়ের মানসিক অবস্থাই সবচেয়ে বড় বিষয়।

এর একটি উদাহরণ দেখা যায় ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে। তখন তিনি তরুণ ফরোয়ার্ড এন্দরিককে পঞ্চম পেনাল্টি নিতে দেননি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, 'পঞ্চম পেনাল্টি শুটার নিয়ে আমাদের কিছুটা দ্বিধা ছিল। কিন্তু এরপর আমি এন্দরিকের মুখের অভিব্যক্তি দেখলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, এন্টোনিও রুডিগারই ভালো বিকল্প হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের মনে হয়েছে, রুডিগার তখন মানসিকভাবে অনেক বেশি স্থির ছিল।'

ম্যাচের আগেই অনুশীলন, সিদ্ধান্ত ম্যাচের ঠিক আগে

প্রতিটি ম্যাচের আগে আনচেলত্তি খেলোয়াড়দের দিয়ে নিয়মিত পেনাল্টি অনুশীলন করান এবং কে সবচেয়ে বেশি সফল হচ্ছে তা পর্যবেক্ষণ করেন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই অনুশীলন শুরু হয়েছিল তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে প্রথম সপ্তাহের ক্যাম্প থেকেই।

তবে পেনাল্টি শুটআউটের জন্য চূড়ান্ত শুটারদের তালিকা তিনি ম্যাচের ঠিক আগে ঠিক করেন। এ সময় খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং শারীরিক সক্ষমতা দুটিই বিবেচনায় রাখা হয়।

পেনাল্টি কি সত্যিই 'লটারি'?

আনচেলত্তি একাধিকবার বলেছেন, পেনাল্টি শুটআউট অনেকটা 'হেড না টেইল', অর্থাৎ ভাগ্যের খেলাও বটে।

তিনি বলেন, 'আমি যদি পেনাল্টি শুটার বেছে নিই, তাহলে মানসিক দিকটাই প্রযুক্তিগত দক্ষতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে সে প্রযুক্তিগত দিক থেকেও ভালোভাবে পেনাল্টি নিতে পারবে না।'

তিনি আরও যোগ করেন, 'আমার দলে এমন অনেক খেলোয়াড় ছিল যারা অসাধারণ পেনাল্টি নিত। কিন্তু তারা নিজেরাই বলেছে যে, ওই মুহূর্তে তারা মানসিকভাবে প্রস্তুত নয়।'

বর্তমান ব্রাজিল দলে প্রধান পেনাল্টি শুটারদের মধ্যে রয়েছেন নেইমার, ইগর থিয়াগো এবং রাফিনিয়া। তবে রাফিনিয়া বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে খেলবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর