বিশ্বকাপে সর্বোচ্চ কার্ড দেখা খেলোয়াড়দের তালিকায় ক্যাসেমিরো, শীর্ষে কে?
সোমবার (২৯ জুন) হিউস্টনে বিশ্বকাপের শেষ ৩২–এর লড়াইয়ে জাপানের মুখোমুখি ব্রাজিল। এই ম্যাচের প্রথমার্ধে লজ্জাজনক এক রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যাচের ১৩ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে জাপানের জুনুয়া ইতোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।
জাপানের বিপক্ষে এই হলুদ কার্ড ক্যাসেমিরোকে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি কার্ড পাওয়া খেলোয়াড়দের শীর্ষ পাঁচে জায়গা করে দিয়েছে। এই মিডফিল্ডার বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৫টি কার্ড (সবই হলুদ) পেয়েছেন, যা আরও নয়জন খেলোয়াড়ের সমান।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ৫ নম্বর জার্সিধারি খেলোয়াড়ের প্রথম হলুদ কার্ড আসে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে। মাঝমাঠে এল আয়নাওয়িকে ফাউল করলে প্রথমার্ধেই তিনি কার্ড দেখেন । ক্যাসেমিরো ২০১৮ বিশ্বকাপে তিনটি এবং ২০২২ বিশ্বকাপে আরও একটি হলুদ কার্ড পেয়েছিলেন। এই টুর্নামেন্টে ক্যাসেমিরো আর একটি কার্ড দেখলে তা তাকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ কার্ডপ্রাপ্ত খেলোয়াড় কাফুর সমান্তরালে নিয়ে যাবে।
ইতিহাসের সেরা রাইট-ব্যাক ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক কাফু বিশ্বকাপে মোট ৬টি হলুদ কার্ড পেয়েছেন এবং তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। কাফুর সমান অবস্থানে আছেন মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজ এবং জিনেদিন জিদান। মেক্সিকান ডিফেন্ডার ২০০২, ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপে মোট ৫টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড পেয়েছিলেন। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও জাপানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোতে ২-০ ব্যবধানে হারের ম্যাচে তিনি লাল কার্ড দেখেন।
ফরাসি তারকা জিদান ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে মোট ৪টি হলুদ কার্ড এবং ২টি লাল কার্ড পেয়েছেন। এর মধ্যে একটি লাল কার্ড ছিল বিশ্বব্যাপী আলোচিত; ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির বুকে ঐতিহাসিক হেডবাটের ঘটনা। জিদান এখনো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া খেলোয়াড়দের একজন। তার সঙ্গে আছেন ক্যামেরুনের রিগোবার্ট সং।
এই 'দুর্ভাগ্যজনক' তালিকার শীর্ষে আছেন আর্জেন্টিনার হাভিয়ের মাশচেরানো। সাবেক এই মিডফিল্ডার বিশ্বকাপে মোট ৭টি হলুদ কার্ড পেয়েছেন। তিনি ২০০৬, ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে দুইটি করে হলুদ কার্ড পান এবং ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনাল ম্যাচেও কার্ড দেখেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: