[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

‘গোল মেশিন’ ফ্রান্স বিশ্বকাপে যেখানে অনন্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের বিধ্বংসী রূপ বজায় রেখেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত প্রতাপে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ডের মালিক এখন ফরাসিরা।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা পাঁচটি ম্যাচে অন্তত তিনটি করে গোল করার রেকর্ড গড়ল ফ্রান্স। তাদের এই গোলবন্যার যাত্রা শুরু হয়েছিল গত বিশ্বকাপের ফাইনালে। যদিও সেদিন শেষটা তাদের হয়েছিল প্রচণ্ড হতাশায়। আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ড্রয়ের পর, টাইব্রেকারে হেরে গিয়েছিল ফ্রান্স।

প্রতিপক্ষের জালে তিন গোল দেওয়ার সেই ধারা অব্যাহত রেখে চলতি আসরেও প্রতিপক্ষের রক্ষণভাগ দুমড়ে-মুচড়ে দিচ্ছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। এবার সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ ও নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে তুলে নেয় কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলেরা।

বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে কোণঠাসা করে রেখেছিল ফরাসিরা। মাঠজুড়ে ছিল কিলিয়ান এমবাপ্পে ও ব্রাডলে বার্কোলার দাপট। এমবাপে জোড়া গোল করে জয়ের ভিত গড়ে দেন, আর বার্কোলা একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। আক্রমণের ধার এবং নিখুঁত ফিনিশিংয়ের সমন্বয়ে ফ্রান্সের এই দলটি যেন বর্তমান আসরে এক 'গোলমেশিন'।

গত বিশ্বকাপে ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হলেও, এবারের বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্স জানান দিচ্ছে তারা শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নেমেছে। টানা গোল করার এই ধারাবাহিকতা ফরাসি সমর্থকদের মধ্যে বড় স্বপ্ন দেখাচ্ছে।

টানা গোল করার এই অবিশ্বাস্য রেকর্ড ফ্রান্সকে বর্তমান ফুটবল বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পরবর্তী রাউন্ডগুলোতেও তাদের এই আক্রমণাত্মক ফুটবল বজায় থাকে কি না, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর