ফিফার বিজ্ঞাপন লিপ্সা নিয়ে ম্যারাডোনার ভবিষ্য’ৎ বাণীই কি সত্যি হলো!
ফুটবল মাঠে ডিয়েগো ম্যারাডোনার জাদুকরী বাঁ পায়ের কথা বিশ্ব জানে। তবে মাঠের বাইরের মন্তব্যেও যে তিনি কতটা তীক্ষ্ণ ছিলেন, তার প্রমাণ যেন মিলছে এবারের ২০২৬ বিশ্বকাপে। ৮ বছর আগে দেয়া ম্যারাডোনার এক সাক্ষাৎকার আজ যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, যা ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
২০১৮ সালের এক সাক্ষাৎকারে ম্যারাডোনা অনেকটা আক্ষেপের সুরেই বলেছিলেন, যুক্তরাষ্ট্র ফুটবলের বড় আসর আয়োজন করলে ব্যবসাসফল হতে বিজ্ঞাপনকে প্রাধান্য দেবে। ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সেই বিতর্কিত প্রস্তাব—ম্যাচ ২৫ মিনিটের চার কোয়ার্টারে ভাগ করার বিষয়টিকেও সামনে টেনে আনেন তিনি।
ম্যারাডোনা বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’ যদিও ২০২৬ বিশ্বকাপে ফুটবলকে চার ভাগে ভাগ করা হয়নি, কিন্তু মাঠের বর্তমান পরিস্থিতি বলছে ম্যারাডোনার আশঙ্কা পুরোপুরি অমূলক ছিল না। প্রতিটি ম্যাচেই এখন অতিরিক্ত 'হাইড্রেশন ব্রেক' দেওয়া হচ্ছে, যা মাঠের খেলার চেয়ে বাণিজ্যিক বিরতির সুযোগ বাড়িয়ে দিচ্ছে। ম্যারাডোনার সেই ভবিষ্যৎবাণী যেন আজ বাস্তবের বিজ্ঞাপন-নির্ভর ফুটবলের রূপরেখা এঁকে দিচ্ছে।
শুধু নিয়ম নয়, আয়োজক দেশগুলো নিয়েও ম্যারাডোনার মন্তব্য ছিল বেশ ঝাঁঝালো। ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরেই মেক্সিকোকে নিয়ে তিনি বলেছিলেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়... ব্যস, ওখানেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’ তার সেই মন্তব্য যেন আজও মেক্সিকোর ফুটবলের এক চিরস্থায়ী দুর্বলতাকে তুলে ধরে।
ততকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকে নিয়েও ম্যারাডোনা ছিলেন বেশ কঠোর। তিনি সোজাসাপ্টা বলেছিলেন, “ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। অন্যদিকে কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।”
ম্যারাডোনার সেই কড়া সমালোচনা আজও ফুটবল মহলে আলোচনার খোরাক জোগায়। যদিও বর্তমান সময়ে ফুটবলারদের দক্ষতা ও প্রযুক্তির মেলবন্ধনে খেলাটি অনেক এগিয়েছে, কিন্তু ম্যারাডোনা যা দেখেছিলেন, তা আজও অনেক ভক্তের মনে প্রশ্ন জাগায়—ফুটবল কি ক্রমশই আবেগ হারিয়ে বাণিজ্যের খাঁচায় বন্দি হয়ে পড়ছে?
ম্যারাডোনা না থাকলেও, তার সেই সাহসী উচ্চারণগুলো যেন আজ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে আয়োজক দেশগুলোর জন্য এক আয়না হয়ে দাঁড়িয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: