বিশ্বকাপে পেলের রেকর্ড ভেঙে দিলেন কেইন
দুই গোল করে ইংল্যান্ডকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় উপহার দেয়ার পাশাপাশি বিশ্বকাপে নতুন ইতিহাসও গড়লেন অধিনায়ক হ্যারি কেইন।
কঙ্গো ডিআরের বিপক্ষে শেষ দিকে করা জোড়া গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় থ্রি লায়ন্স। সপ্তম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় কঙ্গো ডিআর। এরপর দীর্ঘ সময় পিছিয়ে থেকে বিদায়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড।
তবে ৭৫তম মিনিটে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন কেইন। সমতায় ফেরানো সেই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে যান, যা ব্রাজিল কিংবদন্তি পেলের সমান। এরপর ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করান ১৩-তে, ফলে ছাড়িয়ে যান তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের ১২ গোলের রেকর্ড। তথ্য ইএসপিএন-এর।
এই জয়ে আগামী ৫ জুলাই শেষ ষোলোর ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে।
ম্যাচ শেষে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন কেইন, ‘এটা করতে পেরে দারুণ লাগছে। কী অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল! প্রথম হাইড্রেশন ব্রেকের পর আমরা খেলার গতি বাড়িয়েছিলাম এবং তখন থেকেই ভালো খেলতে শুরু করি। তাদের গোলরক্ষক প্রথমার্ধে অসাধারণ কয়েকটি সেভ করেছে। আমরা শুধু বিশ্বাস রেখেছিলাম যে সুযোগ আসবেই।’
এই ম্যাচের জোড়া গোলসহ টুর্নামেন্টে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় পাঁচে। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন শীর্ষে থাকা লিওনেল মেসির (৬) মাত্র এক গোল পিছিয়ে। এর আগেই পানামার বিপক্ষে গোল করে গ্যারি লিনেকারকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হয়েছিলেন কেইন। এবার পেলের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।
বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচে ১২ গোল করেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। এছাড়া ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তিও রয়েছে তার। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে কেইনের গোলসংখ্যা এখন ২০। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি; ১১৭ ম্যাচে করেছেন ৮৪ গোল।
২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এবার সেই সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: