এশিয়ান গেমস নারী হকি বাছাই
সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে অর্পিতারা
আন্তর্জাতিক হকিতে অভিষেকেই একের পর এক ইতিহাস তৈরি করছেন বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্ব টপকে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিতের পর বাংলাদেশ উঠে গেছে এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে। মঙ্গলবার জাকার্তার জিবিকের টর্ফে সেমিফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।
সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন আইরিন আক্তার রিয়া। হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। ম্যাচের আট মিনিটে রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ।
পেনাল্টি কর্নার থেকে গোল করে ১২ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। ১-১ গোলে এগিয়ে চলে ৫৬ মিনিট পর্যন্ত। পরের মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। ৫৮ মিনিটে দলের তৃতীয় এবং নিজের হ্যাটট্রিক গোল করেন রিয়া। তার হ্যাটট্রিক পূরণের মধ্যে দিয়ে বাংলাদেশের জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায়।
বাকি সময় লিড ধরে রেখে বাংলাদেশ উঠে গেছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইমঞ্চ ফাইনালে। ম্যাচ সেরার পুরস্কার পান হ্যাটট্রিক কন্যা আইরিন আক্তার রিয়া। চাইনিজ তাইপে ও ইন্দেনেশিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে আজ সন্ধ্যা সাতটায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: