[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

বালোগান বিতর্কে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ঘটনাটিকে ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্ল্যাভনেস জানান, পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপর বোর্ড সর্বসম্মতিক্রমে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়।

ক্ল্যাভনেস বলেন, ‘নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এই অভিযোগ করব।’

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান। নিয়ম অনুযায়ী, পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার নিষিদ্ধ থাকার কথা ছিল।

তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই ফিফা হঠাৎ করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামার সুযোগ পান তিনি। এই সিদ্ধান্তের পর থেকেই ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করার পরই বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিতর্কের মধ্যেই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন বালোগান। তবে ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় বেলজিয়াম।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্ল্যাভনেস বলেন, ‘ফুটবলের মৌলিক নিয়ম এভাবে ভাঙলে পুরো খেলাটাই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রপ্রধান বা বাইরের কোনো প্রভাবশালী ব্যক্তির কথায় যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করবে।’

তিনি আরও অভিযোগ করেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান অন্য সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এককভাবে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্ল্যাভনেসের মতে, এটি ছিল একটি স্পষ্ট ভুল পদক্ষেপ এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

নরওয়ের এই আনুষ্ঠানিক অভিযোগের ফলে বালোগানকে ঘিরে বিতর্ক আরও গভীর হলো। একই সঙ্গে ফিফার সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর