[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবল সংস্থায় ২৯০০ কোটির দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল সংস্থার বিরুদ্ধে উঠেছে প্রায় ২৯০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। এমনকি বিশ্বকাপ ফাইনালের পর দেশে ফেরার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই—এমন দাবি করেছে বিভিন্ন সূত্র।

জানা গেছে, ফাইনালের পর আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তাপিয়া। সে সময় যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তাকে এবং এএফএর কোষাধ্যক্ষ পাবলো টভিজিনোকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন বলে অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে ফোনও নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

একটি সূত্রের বরাতে জানা যায়, তাপিয়া ও টভিজিনোকে প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের একটি বাসে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে তারা দেশে ফেরার সুযোগ পান।

এএফএর বিরুদ্ধে মূল অভিযোগ, স্পনসরশিপ থেকে পাওয়া বিপুল অর্থ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সরিয়ে ফেলা ও আর্থিক অনিয়ম করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নথিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে বিপুল অঙ্কের ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব অর্থ কখনো কখনো অল্প সময়ের জন্য ব্যাংকে রেখে পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এএফএ কর্তৃপক্ষ সব ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। তাপিয়া ও টভিজিনোকে সরাসরি জিজ্ঞাসাবাদের বিষয়টিও তারা পুরোপুরি স্বীকার করেনি। সংস্থাটির দাবি, তাদের কোনো কর্মকর্তাকে নয়, বরং একজন ‘তৃতীয় পক্ষকে’ যুক্তরাষ্ট্রের আদালতে তথ্যপ্রমাণ দেওয়ার জন্য ডাকা হয়েছিল।

তবে একটি সাক্ষীর বক্তব্য অনুযায়ী, আর্জেন্টিনা দল দেশে ফেরার বিমানে ওঠার আগেই তাপিয়া ও টভিজিনোকে আটক করে এফবিআই। তাদের জিজ্ঞাসাবাদও করা হয় বলে দাবি করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের নথি ঘিরে তদন্তকারীদের হাতে আসা তথ্যেই এএফএর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জোরালো হয়েছে বলে জানা গেছে। তদন্তে স্পনসরশিপের অর্থের উৎস, লেনদেনের ধরন এবং অর্থ স্থানান্তরের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এমনিতেই আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই ফুটবল সংস্থার বিরুদ্ধে ২৯০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং সভাপতি তাপিয়াকে জিজ্ঞাসাবাদের খবর নতুন করে বিতর্ক তৈরি করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর