বিশ্বকাপ মাতানো ভোজিনহা এবার চিলির কোলো কোলোতে
উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন তোলা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবলে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা।
ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভোজিনহার কোলো কোলেতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনহা। তার সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে কোলো কোলো। ক্লাবটির সভাপতি অনিবাল মোসাও আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা তার (ভোজিনহা) সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।’
এখন কেবল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে বড় সাফল্যের লক্ষ্যেই ভোজিনহার মতো অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে কোলো কোলো।
উত্তর আমেরিকা বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত সব সেভ করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালে ও বিশ্বকাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৯০ লাখে।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিসহ বেশ কয়েকটি ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোলো কোলোকেই বেছে নিয়েছেন ভোজিনহা।
চিলির ক্লাবটিতে ভোজিনহা পাবেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওর্তিজকে। সতীর্থ হিসেবে থাকবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন তারকা ফুটবলার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: