[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

রেড ডেভিলসদের নতুন কোচ মার্ক ভ্যান বোমেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায়ের পর রুডি গার্সিয়ার সঙ্গে চুক্তি শেষ করে বেলজিয়াম। এরপর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ডাচ ফুটবলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ মার্ক ভ্যান বোমেলকে নিয়োগ দিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৯ বছর বয়সী ভ্যান বোমেল ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেবেন তিনি।

বেলজিয়াম জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভ্যান বোমেল। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। বেলজিয়ামে অনেক অসাধারণ খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অপার।’

বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর ভিনসেন্ট মানার্ট বলেন, খেলোয়াড় ও কোচ হিসেবে ভ্যান বোমেলের আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা দলের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের সেরাটা দিতে সহায়তা করবে।

কোচ হিসেবে ভ্যান বোমেলের সাম্প্রতিক সাফল্যও বেশ উল্লেখযোগ্য। পিএসভি আইন্দহোভেন ও ভিএফএল উলফসবার্গে দায়িত্ব পালনের পর বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের কোচ হন তিনি। সেখানে দুই বছরের মেয়াদে ক্লাবটিকে ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপা এনে দেন। একই সময়ে বেলজিয়ান কাপ ও সুপার কাপও জিতে ট্রেবল পূর্ণ করেন তিনি।

খেলোয়াড়ি জীবনেও ভ্যান বোমেল ছিলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর অন্যতম পরিচিত মুখ। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৭৯টি ম্যাচ খেলে ২০১০ বিশ্বকাপের ফাইনালেও অংশ নেন তিনি।

ভ্যান বোমেলের কোচিং স্টাফে থাকছেন তিন অভিজ্ঞ সহকারী কোচ। তারা হলেন নেদারল্যান্ডস ও চেলসির সাবেক উইঙ্গার বউদেউইন জেনডেন, সাবেক বেলজিয়ান তারকা মার্টেন মার্টেনস এবং রাইনিয়ার রবেনমন্ড।

নতুন কোচের অধীনে তরুণ ও প্রতিভাবান দল নিয়ে বেলজিয়াম আবারও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে চায়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর