[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

গানের তারকার নামে মেসির নাম, জানতেন কি এই গল্প?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

লিওনেল মেসি—বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এক নাম। মাঠে অসংখ্য রেকর্ড ও অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আর্জেন্টাইন এই মহাতারকার নামের পেছনেও রয়েছে দারুণ এক গল্প। অনেক ফুটবলভক্তই হয়তো জানেন না, মেসির নামের অনুপ্রেরণা এসেছিল ফুটবল থেকে নয়, বরং যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীতশিল্পী লিওনেল রিচির কাছ থেকে।

লিওনেল মেসির পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি। মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি জানিয়েছেন, তার ছেলের নাম রাখা হয়েছিল গ্র্যামিজয়ী মার্কিন সংগীতশিল্পী লিওনেল রিচির নাম অনুসারে।

১৯৮৭ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন মেসি। জানা যায়, শুরুতে তার বাবা-মা ছেলের নামের প্রচলিত বানান ‘Leonel’ রাখতে চেয়েছিলেন, যা আর্জেন্টিনায় তুলনামূলকভাবে বেশি ব্যবহৃত হয়। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলে যায়।

২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টেলেফেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মা জানান, তিনি ও তার স্বামী হোর্হে মেসি দুজনেই লিওনেল রিচির ভক্ত ছিলেন। সেই ভালোবাসা থেকেই ছেলের নামের বানান বদলে ‘Lionel’ রাখা হয়।

মজার বিষয়, নামের বানান পরিবর্তনের সিদ্ধান্তের কথা হোর্হে মেসি আগে জানতেন না। জন্মসনদে ছেলের নাম দেখেই তিনি বিষয়টি জানতে পারেন। পরে সেলিয়া মজা করে বলেছিলেন, এই পরিবর্তনের কথা জানতে পেরে তার স্বামী এতটাই অবাক হয়েছিলেন যে তিনি ‘প্রায় আমাকে মেরেই ফেলেছিলেন!’ অবশ্য শেষ পর্যন্ত নামটি আর পরিবর্তন করা হয়নি।

বছরের পর বছর ধরে মেসির নামকরণের এই গল্পটি ফুটবলপ্রেমীদের কাছে ছিল মজার এক তথ্য। তবে ২০২৫ সালে এসে গল্পটি যেন পূর্ণতা পায়। অবশেষে মুখোমুখি দেখা হয় সেই দুই ‘লিওনেলের’।

ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ জেতার পর মেসির সঙ্গে দেখা করেন লিওনেল রিচি। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবি প্রকাশ করে রিচি লেখেন, ‘লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা! ওর মা আমার নামেই ওর নাম রেখেছিলেন... অবশেষে এত বছর পর দেখা হলো। তোমার সঙ্গে দেখা করে দারুণ লাগলো।’

এর আগেও মেসির নামকরণের এই গল্পের সত্যতা নিশ্চিত করেছিলেন রিচি। টিএমজেড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের নাম তার নামে রাখা হয়েছে—এটি তার জন্য গর্বের বিষয়।

ফুটবল মাঠে মেসি নিজের নামকে কিংবদন্তিতে পরিণত করেছেন। আর তার নামের পেছনে থাকা এই গল্পটি যেন সেই কিংবদন্তির সঙ্গে জুড়ে দিয়েছে সংগীতজগতের আরেক কিংবদন্তি লিওনেল রিচিকেও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর