বার্নাব্যুতে কি ফিরবেন রোনালদো!
মাদ্রিদভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক 'এ এস' এর সাংবাদিক রনসেরো রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন মৌসুম শুরুর আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা উচিত। তার প্রস্তাব, ম্যাচটি যেন ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ৪০তম আসর হিসেবে অনুষ্ঠিত হয় এবং সেখানে মাঠে নামেন রোনালদো নিজেই।
১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুমের আগে রিয়াল মাদ্রিদ নিয়মিতভাবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির আয়োজন করত। তবে ২০১৮ সালে অনুষ্ঠিত ৩৯তম আসরের পর থেকে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা আর হয়নি। রনসেরোর মতে, রোনালদোকে নিয়ে এই টুর্নামেন্টের প্রত্যাবর্তন হলে সেটি হবে ক্লাব ও সমর্থকদের জন্য স্মরণীয় এক উপলক্ষ।
রোনালদো ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। ইতালিয়ান ক্লাবে তিন বছর কাটিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন দেড় মৌসুম। এরপর ২০২৩ সালের শীতকালীন দলবদলে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা।
আগামী মৌসুম আল-নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির শেষ বছর। তাই তার ভবিষ্যৎ এবং সম্ভাব্য অবসর নিয়ে ইতোমধ্যেই নানা জল্পনা চলছে। এমন সময় রনসেরোর এই প্রস্তাব রোনালদোকে অন্তত একবারের জন্য হলেও আবার বার্নাব্যুর দর্শকদের সামনে দেখার সম্ভাবনাকে নতুন করে উসকে দিয়েছে। যদিও বিষয়টি এখনো শুধুই একটি প্রস্তাব, রিয়াল মাদ্রিদ বা আল-নাসরের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: